উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে মহিলা ভোটারদের মন জয়ের রাজনীতি। ভোটের আর ছয়-সাত মাস বাকি থাকতেই এবার স্নাতক স্তরের ৫০ হাজার মেধাবী ছাত্রীকে স্কুটার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রকল্পে রাজ্য সরকারের প্রায় ৪০০ কোটি টাকা খরচ হবে।

বুধবার লখনউয়ে এক অনুষ্ঠানে যোগী জানান, শুধু স্কুটার দেওয়াই নয়, বয়স্ক মহিলাদের জন্য রাজ্য পরিবহণ ব্যবস্থায় বিনামূল্যে বাসযাত্রার সুবিধাও দেওয়া হবে।

এর আগে মহিলাদের ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণাও করেছে তাঁর সরকার। প্রথম দফায় ২০ হাজার টাকা এবং বিজেপি ফের ক্ষমতায় এলে আরও ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

ভোটের আগে মহিলা ভোটারদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প ঘোষণার প্রবণতা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে। বিহার নির্বাচনের আগে নীতীশ কুমার সরকারের মহিলাদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য পেয়েছিল।

উত্তরপ্রদেশে যোগীর ঘোষণার পাল্টা সুর শোনা গিয়েছে সমাজবাদী পার্টির শিবিরেও। বুধবার অখিলেশ যাদব ও ডিম্পল যাদব ঘোষণা করেছেন, তাঁদের দল ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।

অন্যদিকে, দিল্লিতেও বুধবার মহিলাদের মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তার ‘লক্ষ্মী যোজনা’ চালু হয়েছে। ফলে ভোটের আগে মহিলা ভোটারদের পাশে টানতে একের পর এক প্রতিশ্রুতিকে ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।