পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরের গঙ্গা ব্যারেজ এলাকায় একটি চার আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে চালক ও এক ট্রেইনি সহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত দুজনের মধ্যে একজন অভিজ্ঞ পাইলট ও অন্যজন শিক্ষানবিস বা ট্রেইনি ছিলেন। সরকারি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন গুজরাট ও অপরজন কর্ণাটকের বাসিন্দা।
ইন্সট্রাক্টর বা প্রধান পাইলটের প্রায় ৩,০০০ ঘণ্টার বিমান চালনার অভিজ্ঞতা ছিল। বিমানটি একটি সুরক্ষিত বা সংরক্ষিত এলাকায় ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।বৃহস্পতিবারের এই ঘটনা চলতি বছরের অন্যান্য মর্মান্তিক উড়ান দুর্ঘটনাগুলোর কথা পুনরায় মনে করিয়ে দিল। উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের চাতরা জেলায় একটি ‘বিচক্রাফট কিং এয়ার C90A’ এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়। রেডবার্ড এয়ারওয়েজ দ্বারা পরিচালিত বিমানটি রাঁচি থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে পথ পরিবর্তনের আবেদন করার পরপরই রাডার ও যোগাযোগের বাইরে চলে যায় বিমানটি এবং সিমরিয়া ব্লকের কাসিয়াতু গ্রামের কাছে একটি জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলট, দুই চিকিৎসা কর্মী, একজন রোগী এবং তাঁর দুই এটেনডেন্ট প্রাণ হারান।