পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতে বিমানের জ্বালানির দামে। এক ধাক্কায় এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কিলোলিটার ২.০৭ লক্ষ টাকায় পৌঁছেছে।
 
 বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কারণ, এয়ারলাইন্সগুলোর মোট খরচের বড় অংশই জ্বালানি বাবদ ব্যয় হয়।

এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে জটিল পরিস্থিতি। প্রণালিটি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে, যার প্রভাব পড়েছে দামেও। ভারতে সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে বিমানের জ্বালানির দাম সংশোধন করা হয়। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিলে তার প্রতিফলন দেশীয় বাজারেও দ্রুত দেখা যায়।
 
 সরকারি সূত্রে জানা গেছে, যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না বাড়াতে কেন্দ্র পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে।
শুধু বিমানের জ্বালানি নয়, প্রিমিয়াম পেট্রল ও ডিজেলের দামেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইন্ডিয়ান অয়েল-এর এক্সপি ১০০ (প্রিমিয়াম পেট্রল)-এর দাম লিটারপ্রতি ১৪৯ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, এক্সট্রা গ্রিন (প্রিমিয়াম ডিজেল)-এর দামও বেড়ে হয়েছে ৯২.৯৯ টাকা, যা আগে ছিল ৯১.৪৯ টাকা।
 
 উল্লেখ্য, ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি করায় বহু দেশের তেলবাহী জাহাজ আটকে পড়েছে। যদিও ভারতসহ কিছু দেশকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, বিকল্প উৎস থেকেও তেল আমদানি করা হচ্ছে, ফলে সাধারণ পেট্রল ও ডিজেলের সরবরাহে তেমন প্রভাব পড়েনি।