পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া ‘এনার্জি লকডাউন’ জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, দেশে পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানির কোনও ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক অস্থিরতার অজুহাতে দাম বাড়ানোও হবে না। সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে যাতে সাধারণ মানুষকে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে না হয়।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের ওপর কর কমানো হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বিঘ্নে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারে।
আরও পড়ুন:
এদিকে ‘লকডাউন’ নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন—কোভিডের সময়ের মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না। মানুষকে বিভ্রান্ত না হওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। অন্যদিকে, এই ইস্যুতে রাজনৈতিক তরজাও তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার সুর চড়ালেও, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাল্টা অভিযোগ করেছেন—ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।