পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের ভয়ংকর হড়পা বানের পর থেকে খোঁজ মিলছে না রাজ্যের অন্তত ৩৬ জন পুণ্যার্থীর। এঁদের মধ্যে রয়েছেন দুর্গাপুরের এক দম্পতিও। মানস সরোবর দর্শনে গিয়ে তাঁদের নিখোঁজ হওয়ার খবরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। খবর পেয়ে বুধবার রাতেই নিখোঁজ দম্পতির বাড়িতে যায় পুলিশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নিখোঁজ ওই দম্পতির নাম অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়। দুর্গাপুরের বামুনারার বাসিন্দা ওই দম্পতি গত ২১ তারিখ একটি সংস্থার মাধ্যমে নেপাল হয়ে মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই একই সংস্থার মাধ্যমে যাওয়া মোট ৩৬ জন পর্যটকের সকলেই বর্তমানে নিখোঁজ। এঁদের মধ্যে ৩০ জন কলকাতার এবং ৬ জন দুর্গাপুরের বাসিন্দা।
আরও পড়ুন:
পরিবারের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ অরিন্দমবাবুদের সঙ্গে তাঁদের শেষবার ফোনে কথা হয়। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল। কিন্তু সে দিন সকালে রসুয়া জেলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার পর থেকে তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নেপালের পর্যটন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে ইতিমধ্যেই দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তিব্বত থেকে নেমে আসা বিপুল জলরাশি এবং হিমবাহের হ্রদ ফেটেই এই আকস্মিক ও বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।