পুবের কলম ওয়েবডেস্ক,বিমান তখন আকাশে। যাত্রীরা যে যার আসনে বসে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। তার মধ্যেই আচমকা খুলে গেল একের পর এক খাবারের প্যাকেট। থেপলা, ধোকলা-সহ ঘরোয়া নানা খাবার নিয়ে যেন মাঝআকাশেই বসে গেল পারিবারিক ভোজের আসর!
ঘটনাটি ঘটেছে একটি ইন্ডিগো বিমানে।

জানা যায়,  প্রায় ১৫ জনের একটি ভারতীয় পরিবার বিমানের ভিতর নিজেদের আনা খাবার বের করে খেতে শুরু করে। শুধু নিজেদের আসনেই নয়, বিভিন্ন সারিতে বসে থাকা সদস্যদের মধ্যে খাবার পরিবেশনও চলতে থাকে। ফলে বিমানের সরু করিডরটিও কিছুক্ষণের জন্য হয়ে ওঠে খাবার পরিবেশনের জায়গা।

খাবার শেষ হওয়ার পর সেই বর্জ্য সংগ্রহের জন্য একটি বড় প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করতে দেখা যায়। পুরো ঘটনাটির ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা রকম আলোচনা।


কেউ প্রশ্ন তুলেছেন, বিমানের মতো সীমিত জায়গায় এভাবে দল বেঁধে খাবার পরিবেশন করা কতটা শোভন। আবার কারও আপত্তি খাবারের গন্ধ নিয়ে। বিমানের বদ্ধ কেবিনে তীব্র গন্ধের খাবার খেলে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে।

এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, সমস্যাটি শুধু খাবার নিয়ে নয়। তার গন্ধ পুরো যাত্রায় ছড়িয়ে পড়তে পারে এবং অন্য যাত্রীরা তা পছন্দ নাও করতে পারেন।
ফলে একটি পরিবারের সামান্য ‘ঘরোয়া খাওয়াদাওয়া’ই শেষ পর্যন্ত হয়ে উঠেছে বিমান-শিষ্টাচার, নাগরিক বোধ এবং সহযাত্রীর প্রতি দায়িত্ববোধ নিয়ে বড় বিতর্কের বিষয়।