পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতার আনা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। বুধবার এক বিবৃতিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, একজন কর্মরত বিচারপতির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের নিষ্পত্তি কেবল 'প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই কঠোরভাবে' করা হবে, সংবাদমাধ্যমের বিতর্কের ভিত্তিতে নয়।
বর্তমানে জার্মানি ও যুক্তরাজ্য সফরে থাকা প্রধান বিচারপতি সূর্য কান্ত এক বিবৃতিতে জানান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে চূড়ান্ত রায় বা অপরাধের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না। অভিযুক্ত বিচারপতিকে নিজের বক্তব্য পেশের জন্য একটি নিরপেক্ষ ও ন্যায্য সুযোগ দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা তিনটি পৃথক চিঠিতে রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে গুরুতর প্রশাসনিক অনিয়ম এবং বেছে বেছে ধনী মামলাকারীদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মামলার তালিকা সাজানোর অভিযোগ তোলেন। আগামী মাসে অবসরে যাওয়ার পূর্বে বিচারপতি শর্মা নিজের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন দাবি করে, রাজস্থান হাইকোর্টে অন্য রাজ্য থেকে নতুন প্রধান বিচারপতি নিয়োগের জন্য সিজেআই-এর কাছে জরুরি আবেদন জানান বিচারপতি মেহতা।