পুবের কলম ওয়েবডেস্ক, মঙ্গলগ্রহে কি ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত কোনও প্রাণী? নাসার ‘কিউরিওসিটি’ রোভারের তোলা একটি ছবি ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। ছবিতে মঙ্গলের গেইল ক্রেটারের পাথুরে ঢালের উপর দেখা গিয়েছে ছোট, কালো একটি বস্তু। দূর থেকে সেটিকে দেখতে অনেকটা জেলিফিশের মতো— উপরে গোলাকার শরীর, নীচে সরু দু’টি অংশ যেন মাটিতে ঠেকেছে। ছবিটি নতুন নয়।

২০২৩ সালের ২০ অগস্ট কিউরিওসিটি ছবিটি তুলেছিল। তবে ২০২৬ সালের অগস্টে ছবিটি সমাজমাধ্যমে ফের ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে জল্পনা।

ছবিটি কিউরিওসিটির ডানদিকের নেভিগেশন ক্যামেরায় ধরা পড়ে। আসল ছবিতে রহস্যময় আকৃতিটি মাত্র প্রায় ১৫ পিক্সেল জুড়ে রয়েছে। আরও অবাক করার বিষয়, একই দিকে তোলা এর আগের ছবিতে বস্তুটির কোনও চিহ্ন নেই।

প্রায় ৭৮ মিনিট পর একই ক্যামেরায় তোলা ছবিতেও সেটি আর দেখা যায়নি। ফলে সেটি মঙ্গলের স্থায়ী কোনও পাথর বা কাঠামো হওয়ার সম্ভাবনা কম।

ইন্টারনেটে কেউ কেউ একে ভিনগ্রহের প্রাণী, কেউ আবার অজানা যন্ত্র বা ইউএফও বলছেন। তবে বিজ্ঞানীদের মতে, সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা ক্যামেরার ত্রুটি। মহাকাশ থেকে আসা কসমিক রশ্মি ক্যামেরার সেন্সরে আঘাত করলে এমন অস্বাভাবিক দাগ তৈরি হতে পারে। ধূলিকণা, ধূলিঝড় কিংবা ইলেকট্রনিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
তবে এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি ছবির ওই অদ্ভুত আকৃতির আসল কারণ।