পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর এই প্রথমবার বিপুল আড়ম্বরে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। এই বছর ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগী হয়েছে সরকার। শুক্রবার সকাল ১০টায় কলকাতা পুরনিগমের উদ্যোগে নজরুল মঞ্চে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রায় আড়াই হাজার পড়ুয়া। এছাড়া যাদবপুরের একটি রাখি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
রাজ্যজুড়ে এই উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করেছে প্রশাসন। সরকারের পক্ষ থেকে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র এই রাখিগুলোর পিছনেই খরচ হচ্ছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।
বরাদ্দকৃত এই বিশাল অঙ্কের অর্থের মধ্যে সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতকে। তাদের জন্য মোট ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ২২টি জেলা সদর, জিটিএ, ১৪৪টি ওয়ার্ড-সহ কলকাতা পুরনিগম, মিউনিসিপ্যালিটি, সাব-ডিভিশন এবং ব্লক স্তরেও নির্দিষ্ট পরিমাণ অর্থ আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয়েছে।