পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাব এবার সরাসরি এসে পড়ল বাংলায়। ফরাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নদীর জল বিপদসীমার প্রায় তিন ফুট উপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় হু হু করে জল বাড়ায় নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার দুপুরে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিমে জলস্তর বেশ কিছুটা বেড়েছে। ডাউনস্ট্রিমে জলস্তর গত ২৪ ঘণ্টায় প্রায় ০.৪০ ফুট বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে মুর্শিদাবাদ জেলা প্রশাসন আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

ফরাক্কার বিডিও সুজয় ব্যাপারীর নেতৃত্বে ফরাক্কা, সামসেরগঞ্জ ও ধুলিয়ানের নিচু এলাকাগুলিতে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। পাশাপাশি, মৎস্যজীবীদের নদীতে নামতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে, নেপালের বন্যায় আটকে পড়া ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ মেলেনি। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল, ফলে স্বাভাবিকভাবেই চরম উদ্বেগে রয়েছেন তাঁদের পরিজনেরা। এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বঙ্গবাসীদের সাহায্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নবান্নে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। বন্যাবিধ্বস্ত ব্যক্তি বা তাঁদের পরিবারের লোকজন (০৩৩) ২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১ নম্বর দুটিতে যোগাযোগ করে সাহায্য চাইতে পারবেন।