পুবের কলম ওয়েব ডেস্ক: শুধুমাত্র সাধারণ হিসেবে নয়, সমর্থকদের ক্লাবের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হওয়ার আহ্বান জানাল মহামেডান স্পোর্টিং। ক্লাবের পক্ষ থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে ২০২৬-২৭ মরশুম ও পরবর্তী সময়ের জন্য সদস্যপদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সমর্থক, শুভানুধ্যায়ী এবং ক্লাবের বৃহত্তর সম্প্রদায়ের সদস্যদের কেবল দর্শক হিসেবে সীমাবদ্ধ না থেকে ক্লাবের আরও সক্রিয় অংশ হয়ে ওঠার আহ্বান জানানো হচ্ছে। ঐতিহ্য, নিজস্ব পরিচিতি এবং একাত্মবোধের মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উদ্যোগটি সমর্থকদের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।
দুই ধরণের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহামেডান। বার্ষিক সদস্যপদ এবং আজীবন সদস্যপদ।
আরও পড়ুন:
ক্লাবের পক্ষ থেকে বার্ষিক সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। যেমন, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ক্লাবের ঘরের ম্যাচের টিকিট, ক্লাবের নির্বাচিত কিছু ম্যাচ এবং সদস্যদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সংক্রান্ত অগ্রিম তথ্য, নিয়মকানুন সাপেক্ষে ক্লাবের লন এবং সদস্যদের জন্য নির্ধারিত এলাকা ব্যবহারের সুবিধা, তৈরি হতে চলা ক্লাবের ক্যাফেটেরিয়ায় বিশেষ ছাড়ের সুবিধা, ক্লাবের নির্বাচিত কিছু সামাজিক ও কমিউনিটি-ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ থাকছে। এই বার্ষিক সদস্যপদের লক্ষ্য হল ক্লাব ও সমর্থকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং এমন একটা ক্রমবর্ধমান কমিউনিটি গড়ে তোলা, যারা পুরো মরশুমজুড়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে।
আরও পড়ুন:
যেসব সমর্থক মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হতে চান, তাঁদের ১ লক্ষ টাকার এককালীন ফি’র বিনিময়ে আজীবন সদস্যপদ দেওয়া হবে। এই আজীবন সদস্যপদ তাঁদেরই দেওয়া হবে, যাঁরা ক্লাবের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ যাত্রায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী। আজীবন সদস্যদের সুযোগ-সুবিধার সাধারণ সদস্যদের গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত।
আজীবন সদস্যরা কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটদানের অধিকার পাবেন। এছাড়া, যোগ্যতা সংক্রান্ত শর্তাবলী সাপেক্ষে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থী হতে পারবেন, কার্যনির্বাহী কমিটির জন্য সদস্যদের নিজস্ব প্যানেল গঠন ও তা পেশ করার সুযোগ পাবেন, পদ্ধতি মেনে ক্লাবের আর্থিক বিবরণী এবং ক্লাবের সোসাইটি অ্যাকাউন্ট সংক্রান্ত অনুমোদিত নথিপত্র ও রেকর্ড দেখতে পারবেন।
আরও পড়ুন:
এছাড়া আজীবন সদস্যরা সারা বছর ক্লাবের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন:
এছাড়া হোম ও অ্যাওয়ে ম্যাচসহ ক্লাবের ম্যাচগুলির জন্য দুটি করে টিকিট, ক্লাবের নিয়ম মেনে সিনিয়র দলের অনুশীলন দেখার সুযোগ, হোম ম্যাচে ‘লাকি ড্র’তে বিজয়ী লাইফ মেম্বারের জন্য দুটি ভিভিআইপি টিকিট পাওয়ার সুযোগ। বিশেষ ছাড়ে ক্লাবের ফুটবল ও ক্রিকেট ক্যাম্পে অংশগ্রহণের জন্য ছেলেদের সুপারিশ করার সুযোগও পাবেন। এছাড়া, আজীবন সদস্যরা একটা ‘আজীবন সদস্য কার্ড’ এবং একটা বিশেষ ‘আজীবন সদস্য গাড়ির স্টিকার’ পাবেন, যা ক্লাবের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে তাঁদের পরিচয়কে আরও সুদৃঢ় করবে।
আরও পড়ুন:
সদস্যপদ দেওয়ার পাশাপাশি সমর্থকদের কাছ থেকে স্বেচ্ছায় অনুদান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মহামেডান, যারা সদস্যপদের বাইরেও ক্লাবের জন্য অবদান রাখতে ইচ্ছুক। অনুদানকারীর সম্মতি এবং ক্লাবের নীতি সাপেক্ষে মহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁদের নাম প্রকাশ বা স্বীকৃতি জানানো হতে পারে। ক্লাব আরও স্পষ্ট করেছে যে, সমস্ত অনুদান শুধুমাত্র ক্লাবের অনুমোদিত পেমেন্ট মাধ্যমে প্রদান করতে হবে। তবে, অনুদানকারীরা সদস্যপদ পাবেন না, তাঁদের সদস্যপদ পেতে হলে আলাদাভাবে সদস্য ফি দিতে হবে।