পুবের কলম ওয়েবডেস্ক, যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বড় ধরনের বিধিনিষেধ আসছে। নতুন এক সমঝোতা অনুযায়ী, আগামী ১০ বছর দেশটির শিশুরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। শিশুদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মামলার নিষ্পত্তির অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মসকে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করতে হবে।

বুধবার ঘোষিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য থাকবে।

চুক্তি অনুযায়ী, অভিভাবকের অনুমতি ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ থাকবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেশিরভাগ পুশ নোটিফিকেশনও বন্ধ রাখবে মেটা।

এছাড়া বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। কয়েকটি অঙ্গরাজ্য জানিয়েছে, চুক্তি থেকে পাওয়া অর্থের একটি অংশ শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হতে পারে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্য, স্কুল ও ব্যক্তির করা একাধিক মামলার মধ্যে বড় একটি ফেডারেল মামলার নিষ্পত্তি হয়েছে এই সমঝোতায়। তবে কোনো অন্যায় স্বীকার করেনি মেটা।

সমালোচকেরা বলছেন, ব্যক্তিগত কনটেন্ট বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চুক্তিতে রাখা হয়নি। মেটা অবশ্য জানিয়েছে, কিশোরদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরিতে তারা কাজ করছে। এদিকে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে আরও ৪৫৯ মিলিয়ন ডলার দিতে হবে।