পুবের কলম প্রতিবেদক: এবার এশিয়ান গেমসের ক্রিকেট আয়োজিত হবে জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। সেই স্পোর্টস পার্কে কয়েক মাস আগে পর্যন্ত ছিল বেসবল মাঠ। তবে সম্প্রতি সেটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হচ্ছে। আর তাতেই চিন্তায় পড়েছে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ, যে মাঠে ভারত-পাকিস্তানের মতো দুই হেভিওয়েট দলের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানকার মাঠ একেবারে নতুন।

অপরীক্ষিত পিচ, পর্যাপ্ত ড্রেসিং রুম নেই। তার ওপর ক্রিকেটারদের থাকার রুমগুলিও বেশ ছোট। সব মিলিয়ে জাপানে আসন্ন এশিয়ান গেমসে আয়োজকদের ক্রিকেট ম্যাচকে নিয়ে প্রস্তুতি দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআই ও পিসিবি।
জাপানে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে এ মাসের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় প্রশ্ন তোলে পিসিবি কর্তারা। পরে বিষয়টি নিয়ে একইভাবে প্রশ্ন তোলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ অন্য সদস্য দেশগুলিও।
পরে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় টুর্নামেন্ট শুরুর আগে সেখানে গিয়ে এসিসির প্রতিনিধিরা মাঠ ও খেলোয়াড়দের থাকার জায়গা সরেজমিনে পরিদর্শন করবেন। জানা গিয়েছে, নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে প্রায় দুই হাজার দর্শকের জন্য একটি অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে। পিচ তৈরিতে প্রাকৃতিক ঘাসের সঙ্গে অল্প পরিমাণ পলিথিন ফাইবার ব্যবহার করা হয়েছে। মাঠটি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। যে পিচ তৈরি করা হয়েছে, গত মে মাসে মাত্র একটি টুর্নামেন্ট ছাড়া খুব বেশি ক্রিকেট হয়নি। তাই পিচের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।