পুবের কলম ওয়েবডেস্কঃ  মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পরে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়ি হয়েছে। এ বার সেই বিতর্ককে পিছনে ফেলে এগিয়ে আসতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়া সিরিজ চালু করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে বিসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম জানান, এই যোগাযোগের মধ্যে নতুনত্ব কিছু নেই।

সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। 

নাজমুল বলেন, ‘বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলি। এটা সাধারন একটি ঘটনা। তবে সম্প্রতি আমরা বিসিসিআইকে একটি মেইল পাঠিয়েছি।

আমরা ওদের মনে করিয়ে দিয়েছি, আগামী সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তার পরে আমাদের মহিলা দলে যাব ভারত সফরে। একইসঙ্গে বিসিসিআইকে অনুরোধ করেছি, দু’দেশের মধ্যে আরও দ্বিপাক্ষিক সিরিজের সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য, যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’ বিসিবির এই মেইলের কোনও উত্তর বিসিসিআই দিয়েছে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।