পুবের কলম ওয়েব ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটে এবং চলতি আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে ভালো বোলিং করার পরে মনে করা হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন মুহাম্মদ শামি। তবে সেটা হয়নি। অজিত আগরকরের বক্তব্য, ‘শামি এখন টেস্ট ক্রিকেটের মত দীর্ঘ ফরম্যাটের শারীরিক চাপ নেওয়ার জন্য তৈরি নন।’ ২৪ ঘন্টার মধ্যে নির্বাচক প্রধাণের এই বক্তব্যকে খন্ডন করলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার ওয়াসিম জাফর। তিনি সোজাসাপটা বলে দেন, ‘আগরকর যা বলছেন, সেটা একদম ভুল কথা।

আমরা কোনও সাধারণ ক্রিকেটারকে নিয়ে কথা বলছি না। বলছি মুহাম্মদ শামিকে নিয়ে। ওর প্রতি এই ধরণের কথা বলা মানে ওকে  অসম্মান করা।  শামি পারফর্ম করছে, তারপরেও বলা হচ্ছে ও শুধু টি-২০ ফরম্যাটের জন্য ফিট। এটা শামিকে দলে নেওয়ার একটা অজুহাত।
যদি সিদ্ধান্ত নেওয়া হয়েই থাকে যে, শামিকে আর দলে নেওয়া হবে না। তা হলে সেটা পরিস্কার করে জানিয়ে দেওয়া হোক। শামি এ বার প্রায় একার হাতেই বাংলাকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তুলেছিল।’

পাশাপাশি জশপ্রীত বুমরাহর সঙ্গে তুলনা টেনে জাফর আরও বলেন, ‘বুমরাহ যদি চোট পেয়ে ফিরে আসে তা হলে কি ওর সঙ্গেও একই আচরণ করা হবে? শামি একই মানের একজন বোলার। বিশ্বের যে কোনও ব্যাটারকে জিগ্গেস করলেই দেখবেন, সবাই বলছে, ‘শামি বিশ্বের অন্যতম সেরা বোলার।’