পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারতের টি-২০ ক্যাপ্টেন হতে চলেছেন শ্রেয়স আইয়ার। এমনটাই চাইছে বিসিসিআই। সূর্যকুমারের কাছ থেকে এবার ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হতে পারে। পাঞ্জাবের হয়ে যেভাবে ব্যাটিং করছেন শ্রেয়স ও একইসঙ্গে যেভাবে তিনি অধিনায়কত্ব করে যাচ্ছেন তাতে বিসিসিআইয়ের মনে হয়েছে এই মুহূর্তে শ্রেয়স আইয়ারই ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন হওয়ার জন্য সবচেয়ে বেশি দাবিদার। যদিও সূর্যকুমারের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে, তবুও এই আইপিএলে চার নম্বরে নেমে শ্রেয়স যেভাবে দলকে টানছেন, তাতে তিনি ছাড়া বিসিসিআইয়ের কাছে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার নেই।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, শ্রেয়স ২০২৩ সালে শেষবার দেশের হয়ে টি-২০ ফরম্যাটে খেলেছিল। তারপর সে খেলেনি ঠিকই। কিন্তু যেভাবে ২০২৪ সালে নাইটকে চ্যাম্পিয়ন করেছে ক্যাপ্টেন হয়ে, যেভাবে গতবার পাঞ্জাবের অধিনায়কত্ব করে ফাইনালে তুলেছে, আর এবারও যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামি দিনে তাঁকে ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেনসি দিলে খুব একটা ভুল হবে না।আরও পড়ুন:
শ্রেয়স যে সেই যোগ্যতা অর্জন করে ফেলেছে সেটা অকপটে স্বীকার করে নিচ্ছে বিসিসিআই। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টি-২০ সিরিজ রয়েছে সেখানে হয়ত সূর্যকুমার নেতৃত্ব দেবেন।
কিন্তু তাঁর ক্যাপ্টেনসি এখন কার্যত আতস কাচের তলায় রয়েছে। সেখানে কোনওরকম ভুলচুক হলেই তাঁর ক্যাপ্টেনসি যাবে। সেক্ষেত্রে ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন হিসেবে ভেবেই রাখা হয়েছে শ্রেয়স আইয়ারের নাম। বিসিসিআইয়ের এই সূত্র জানিয়েছে, অবশ্যই আমরা এখনই ক্যাপ্টেন পরিবর্তন করছি না। সূর্যই দলকে নেতৃত্ব দেবে। কিন্তু ২০২৮ সালের বিশ্বকাপের আগে তাঁর ক্যাপ্টেনসি পরীক্ষা করা হবে। সেখানে যদি সামান্যতম খামতিও থাকে, তাহলেই শ্রেয়স আইয়ারকে ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন করে নেওয়া হবে।