পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ৭৮৩ দিন পর টি-২০ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে মাত্র ৫২ বলেই শতক পূর্ণ করেন তিনি। এটি ছিল বাবরের কেরিয়ারের ১২তম টি-২০ সেঞ্চুরি।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম সেঞ্চুরি।
এই সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে পিছনে ফেলে তিনি গড়লেন অভাবনীয় এক রেকর্ড। এ ম্যাচে সীমিত ওভারের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। তাও মাত্র ৩৩৮ ইনিংসে। তাতেই ভেঙে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দ্রুততম রেকর্ড। এই উচ্চতায় পৌঁছাতে গেইল নিয়েছিলেন ৩৪৪ ইনিংস। এ তালিকার তিনে থাকা বিরাট কোহলির লেগেছিল ৩৬০ ইনিংস। অর্থাৎ, দ্রুততম হিসেবে এ রেকর্ডটি এখন বাবরের দখলে। এ ম্যাচে ৫২ বলে ১০০ রানের ইনিংসটি খেলার পথে বাবর গড়েছেন আরও একটি রেকর্ড। অপরাজিত থাকার পথে বাবর পুরো ইনিংসে ডট বল খেলেন মাত্র একটি। চতুর্দশ ওভারের শেষ বলে আলজারি জোসেফের ঘন্টায় ১৪৬.৭ কিলোমিটার গতির বলটি ছেড়ে দেন তিনি। টি-২০ ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৫০-এর বেশি বল খেলে মাত্র একটি ডট বল দেওয়ার এই অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি।আরও পড়ুন:
বাবরের সেঞ্চুরি আর কুশল মেন্ডিসের ৮৩ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। এটি পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়া করতে নেমে মাত্র ১৩৭ রানেই কোয়েটা গুটিয়ে যেতেই ১১৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।