পুবের কলম ওয়েব ডেস্কঃ  সোমবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে হঠাৎ কলকাতায় চলে এলেন কেকেআরের পেসার হর্ষিত রানা। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া হর্ষিত শহরে আসায় নানা জল্পনা তৈরি হয়। এ দিন সামাজিক মাধ্যমে হর্ষিতের শহরে আসার ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে জানানো হয়েছে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দলকে সমর্থন জানাতে এসেছেন তিনি।

 

নাইটদের তরফে জানানো হয়েছে,  কেকেআর পরিবারের সঙ্গে একদিন সময় কাটাবেন হর্ষিত। সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখার পরে অনেকেই জানতে চাইছেন, পেস বোলারকে নিয়ে কেকেআরের কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা? নাইট কতৃপক্ষ অবশ্য সেই সম্ভবনার কথা উড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, আইপিএল থেকে হর্ষিত ছিটকে যাওয়ার পরে কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার সাংবাদিক সম্মলনে বলেছিলেন, "আমারা একটা বড় ধাক্কা খেয়েছি।

হর্ষিত গত দু'বছর ধরেই কেকেআর দলের অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে ও ক্রিকেটার হিসেবে অনেক উন্নতি করেছে। আমরা হর্ষিতকে মিস করব। ওর বদলি প্লেয়ার খোঁজা সহজ কাজ নয়।"