পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএলে রবিবার গুজরাত টাইটন্স সাত উইকেটে হারিয়ে দিল লখনউ সুপার জায়েন্টসকে। ব্যাট হাতে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া গুজরাত অধিনায়ক শুভমান গিল গড়লেন নতুন নজির। কেকেআরকে হারানোর নায়ক মুকুল চৌধুরি ব্যর্থ হন। লখনউয়ের মুকুল ১৮ রান করে সাজঘরে ফেরেন। এ দিন প্রথমে ব্যাট করে লখনউ ৮ উইকেটে ১৬৪ রান করে।
জবাবে গুজরাত ১৮.৪ ওভারে তিনটি উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ১১টি চারের সাহায্যে ৬০ রান করেন জস বাটলার। ৪০ বলে ৫৬ রান করেন গিল। এই জুটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। লখনউয়ের পেসার মুহাম্মদ শামি ৩৬ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন।আরও পড়ুন:
এই ম্যাচে অইপিএলে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন গিল। তিনি নিলেন ১১৮টি ইনিংস। এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন কে এল রাহুল। তিনি চার হাজার রান করেছেন ১০৫টি ইনিংসে। এ দিন প্রসিধ কৃষ্ণর দাপটে ১৬৪ রানের বেশি তুলতে পারেনি লখনউ।
প্রসিধ ২৮ রানে চার উইকেট দখল করেন। দুটি উইকেট পেয়েছেন অশোক শর্মা। এডিন মার্করাম (৩০) ছাড়া লখনউয়ের কোনও ব্যাটারই রান পাননি। অধিনায়ক ঋষভ পন্থের সংগ্রহ ১৮। শামি ১২ রানে অপরাজিত থাকেন।