পুবের কলম ওয়েব ডেস্কঃ  ভালো খেলেও জাতীয় দলে তিনি দীর্ঘদিন ব্রাত্য থেকেছেন। বিগত আইপিএলেও দল পাচ্ছিলেন না। শুধুমাত্র মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেখানে প্রায় প্রতি ম্যাচে অভাবনীয় ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চোখে চোখ রেখে উপেক্ষিত হওয়ার জবাব দিয়েছেন।

আর এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচে ব্যাটে ঝড় তুলে সরফরাজ খান আবারও বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে তিনি যেকোনও ম্যাচের রঙ বদলে দিতে পারেন। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও তিনি ঠিক সেটাই করলেন। ১২ বলে ঝোড়ো ৩২ রান করে শুধু দলের স্কোরবোর্ডে বড় রান তুলতে নয়, একই সঙ্গে আইপিএলে সিএসকের ইতিহাসে নিজের নাম লেখালেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নয়া চণ্ডীগড়ের মাঠে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৯ রান যোগ করে।

এতে কোহলির আরসিবিকে পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ২০০‘র বেশি রান করার রেকর্ড গড়ে ফেলে সিএসকে। এর পাশাপাশি ১২ বলে ৩২ রানের দারুণ একটি ইনিংস খেলে চেন্নাইয়ে দ্রুত রান করার ক্ষেত্রে আম্বাতি রায়াডু, ব্রেন্ডন ম্যাকালামদের পিছনে ফেলে নয়া রেকর্ড গড়লেন। ১২ বলে ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সরফরাজ ৩২ রান করেন। সেই সময় তার ßT্রাইক রেট ছিল ২৬৬.৬৬। এতে তিনি সিএসকের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সুরেশ রায়না (৩৪৮.০০ স্ট্রাইক রেট), রবীন্দ্র জাদেজা (২৮২.৮১স্ট্রাইক রেট), উর্বিল প্যাটেল (২৮১.৮১স্ট্রাইক রেট), এমএস ধোনি (২৮১.২৫স্ট্রাইক রেট), ডোয়েন ব্রাভোর (২৬৬.৬৬স্ট্রাইক রেট) পর ষষ্ঠস্থানে নিজের নাম লেখালেন।