পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে এমন কোনও ‘নির্ভরযোগ্য প্রমাণ’ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
আরও পড়ুন:
আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, যুদ্ধের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ পুনরায় শুরু করতে আইএইএ প্রস্তুত রয়েছে।
গ্রোসি জানান, ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় যেখানে ছিল, সেখানেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইএইএ প্রধান বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অবকাঠামোর পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়ে থাকতে পারে এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ব্যাপকভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে, এমন দৃঢ় প্রমাণ সংস্থাটির হাতে নেই।
আরও পড়ুন:
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে পশ্চিমা দেশগুলোর আশঙ্কা রয়েছে। যুদ্ধের কারণে আইএইএ-র পরিদর্শন ও নজরদারি ব্যাহত হওয়ায় কর্মসূচিটির বর্তমান অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
গ্রোসি বলেন, আইএইএ যত দ্রুত সম্ভব ইরানে ফিরে গিয়ে পরিদর্শন ও যাচাই কার্যক্রম শুরু করতে চায়। তাঁর মতে, স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা, ইউরেনিয়ামের মজুত এবং সম্ভাব্য পুনর্গঠন সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে সরাসরি পরিদর্শন অত্যন্ত জরুরি।