পুবের কলম প্রতিবেদক, মালদা: ভাঙনের পাশাপাশি বন্যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে কালিয়াচক-৩ ব্লকের বেশ কিছু এলাকায়। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব মালদার উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গাতেও পড়তে পারে। ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে। কালিয়াচক-৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় প্লাবনের আশঙ্কায় মানুষকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

শোভাপুর বিএসএফ ক্যাম্পের এক পয়েন্ট থেকে হু-হু করে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। আবার গোলাপমণ্ডল পাড়ার খোয়ার মোড়ের একটি পয়েন্ট থেকে গঙ্গার জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার মানুষকে সতর্ক করে গোটা এলাকা জুড়ে পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করার কাজ চলছে। পাশাপাশি গঙ্গার জলে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে হিজলটোলা, বৈদ্যনাথপুর, শোভাপুর, খোয়ারপাড়া, ৩ নম্বর কলোনি, ৪ নম্বর কলোনি-সহ বেশ কিছু গ্রাম।
 
সংশ্লিষ্ট পারদেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুহুল আমিন জানান, ‘কয়েকটি পয়েন্ট দিয়ে গঙ্গার জল ঢুকছে। এমনিতেই নীচু এলাকা। তাই আগেই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দিচ্ছি। আগে থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আবেদনও করা হচ্ছে।’