পুবের কলম ওয়েব ডেস্ক: মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত সদস্য দেশগুলির ইচ্ছা ও অভিপ্রায়ের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্য দেশগুলি বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ দিন ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বলেন, গত ৭ অগস্ট সউদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জবাবে খলিলুর রহমান বলেন, মক্কা চুক্তিটি আপাতত তিনটি দেশের মধ্যে হয়েছে। ফলে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সেই প্রশ্ন এখনই সামনে আসছে না। বিষয়টি মূলত চুক্তির সদস্য দেশগুলির অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তাঁরা যদি বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, তা হলে সরকার অবশ্যই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব আসার আগেই এর ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখনও আসেনি। তবে ভবিষ্যতে এই চুক্তি আরও বিস্তৃত হলে তা মুসলিম দেশগুলির পারস্পরিক নিরাপত্তা ও আত্মরক্ষার একটি ব্যবস্থা হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, এটি মুসলিম দেশগুলির নিজেদের মধ্যে একটি বিষয়। মুসলিম বিশ্বের দেশগুলির পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এই চুক্তি নিয়ে অন্য দেশগুলির অযথা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।