বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত এই যুদ্ধাপরাধীর মৃত্যুর খবর বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন ম্লাদিচ। দীর্ঘদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল।

বিভিন্ন সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেও চিকিৎসা করাতে হয়েছিল।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনায় তাঁর ভূমিকা তাঁকে আন্তর্জাতিকভাবে কুখ্যাত করে তোলে।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্লাদিচকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে আপিলেও সেই সাজা বহাল থাকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্য হেগের আটককেন্দ্রেই সাজা ভোগ করছিলেন।