পুবের কলম ওয়েবডেস্ক, অস্ত্রোপচারের সময় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে প্রথমবারের মতো এক রোগীর মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এই অস্ত্রোপচার না হলে রোগী দৃষ্টিশক্তি হারাতে পারতেন।

৪৮ বছর বয়সী দুই সন্তানের বাবা রিস হিবার্ট বেডফোর্ডশায়ারের বাসিন্দা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকেরা তার অস্ত্রোপচারে নাক দিয়ে সরু ক্যামেরা ঢুকিয়ে খুলির নিচে পৌঁছান।

সেখানে হাড় ও শক্ত আবরণের আড়ালে থাকা টিউমারটি ছিল। পিটুইটারি গ্রন্থিতে বেড়ে ওঠা ১১ মিলিমিটারের টিউমারটি ক্যানসারপ্রবণ ছিল না।

টিউমারটি বড় হয়ে ক্যারোটিড ধমনি ও অপটিক স্নায়ুর কাছাকাছি পৌঁছেছিল। ফলে হিবার্টের দৃষ্টি ঝাপসা হচ্ছিল, হাঁটার সময় হোঁচট খাচ্ছিলেন।

এর আগে হাঁটার সময় অচেতন হয়ে খিঁচুনিও হয়েছিল। প্রচণ্ড ক্লান্তি ও মাথা ঘোরাও ছিল তাঁর।

অস্ত্রোপচারের সময় এআই সরাসরি ভিডিও বিশ্লেষণ করে রক্তনালি, স্নায়ু ও অস্ত্রোপচারের যন্ত্রের অবস্থান শনাক্ত করে চিকিৎসকদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। কোন পথে টিউমারে পৌঁছানো নিরাপদ, তাও দেখায়।

মুঠোফোনের মুখ শনাক্তকরণ প্রযুক্তির মতোই এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ গঠন শনাক্ত করে।

এ ধরনের অস্ত্রোপচারে টিউমারের পুরোটা অপসারণ না হওয়ার ঝুঁকি ২৫–৫০ শতাংশ এবং গুরুত্বপূর্ণ রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ০.৫–২ শতাংশ।
শত শত অস্ত্রোপচারের ভিডিও দিয়ে এআইটি প্রশিক্ষিত করা হয়েছে। তবে নিয়ন্ত্রণ ছিল চিকিৎসকদের হাতেই। গবেষকেরা এখন বড় পরিসরে পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।অস্ত্রোপচারের আট সপ্তাহ পর হিবার্টের দৃষ্টি ও কর্মশক্তি অনেকটাই ফিরেছে। তাঁর কথায়, অস্ত্রোপচার তাঁকে জীবন ফিরিয়ে দিয়েছে।