প্রধান বিচারপতি সূর্য কান্তকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো নিয়ে পড়ুয়া ও প্রাক্তনীদের আপত্তির জেরে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মনন কুমার মিশ্রকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জানা গিয়েছে, প্রধান বিচারপতির একটি বিতর্কিত ‘ককরোচ’ মন্তব্যকে কেন্দ্র করে পড়ুয়াদের একাংশের মধ্যে আগে থেকেই ক্ষোভ রয়েছে। সেই আবহেই প্রায় ৭০০ জন পড়ুয়া ও প্রাক্তনী প্রধান বিচারপতিকে সমাবর্তনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

তাঁদের আরও দাবি, হায়দরাবাদের আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের কাছে বার কাউন্সিলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এর আগে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস এবং হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চেও প্রধান বিচারপতিকে ঘিরে পড়ুয়াদের প্রতিবাদ দেখা গিয়েছিল। হায়দরাবাদের ঘটনায় প্রতিবাদী পড়ুয়াদের আইনজীবী হিসেবে স্বীকৃতি না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বার কাউন্সিল, যদিও পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়।

এবার বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও প্রাক্তনীদের প্রতিবাদের পর সমাবর্তন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত পড়ুয়াদের হাতে আলাদাভাবে ডিগ্রি তুলে দেওয়া হবে। তবে সমাবর্তন বাতিলের নেপথ্যে ‘ককরোচ জনতা পার্টি’র সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কাও থাকতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের একাংশের পড়ুয়া ও কর্মকর্তা।