উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়:বেশ কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে ত্রাস সৃষ্টি করা একটি দলছুট বানরকে অবশেষে শুক্রবার খাঁচাবন্দি করল বনদপ্তর। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালি গ্রামে।বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।এরপরই গ্রাম বাসীদের তরফে বিষয়টি জানানো হয় বন দপ্তরের বারুইপুর রেঞ্জের অধীন পিয়ালী বিট অফিসে।খবর পেয়েই দ্রুত কৈখালি গ্রামে পৌঁছান পিয়ালী বিট অফিসের আধিকারিক আবু জাফর মোল্লার নেতৃত্বে একাধিক বনকর্মী।

এলাকায় খাঁচা পেতে দীর্ঘক্ষণ নজরদারি চালানোর পর অবশেষে দলছুট বানরটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন বনকর্মীরা।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক পুরুষ বানরটির শারীরিক পরীক্ষা করা হয়।সে পুরোপুরি সুস্থ। এরপর এদিন  বানরটিকে সুন্দরবনের জঙ্গলের আজমলমারীর ৮ নং কম্পারমেট এলাকায় উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।এদিকে বানরটি ধরা পড়ায় আপাতত স্বস্তি ফিরেছে কৈখালি গ্রামের বাসিন্দাদের মধ্যে।বনদপ্তরের দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা ও।