পুবের কলম ওয়েব ডেস্ক: মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গত কয়েকদিনের ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। তবে এর মাঝেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে।
আরও পড়ুন:
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামিকাল একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।
বর্তমানে বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখাও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, শুক্র ও শনিবার উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।