পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে সাইনবোর্ড খুলে নেওয়ার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে দলের আইনজীবী কিশোর দত্ত বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসে বিষয়টি উত্থাপন করে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়ে জানান, উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মামলার নম্বর নিয়ে এলে এবং বিপক্ষকে জানালে শুক্রবারই এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে তিন হাজার স্কোয়ার ফুটের বেশি জায়গা জুড়ে থাকা অভিষেকের ওই কার্যালয়ের মাথায় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা একটি বড় বিলবোর্ড ছিল। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ কলকাতা পুরসভার কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ওই সাইনবোর্ডটি খুলতে গেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
সাইনবোর্ড খোলা আটকাতে পুরসভা ও পুলিশের কর্মীদের প্রবল বাধা দেন উপস্থিত তৃণমূল নেতা-কর্মীরা।
আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্যরা পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ডেরেক ও’ব্রায়েন সিঁড়িতে শুয়ে পড়েও বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত পুরসভার কর্মীরা বিলবোর্ডটি সরিয়ে দেন। যদিও সামান্য সময়ের ব্যবধানে তৃণমূল ফের সেখানে নতুন বিলবোর্ড লাগিয়ে দেয়। সরকারি কাজে বাধার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেপ্তার করেছে।