শুধু স্নাতক ডিগ্রি হাতে চাকরি পাওয়ার দিন ক্রমেই ফুরিয়ে আসছে। সরকারি চাকরির সীমিত সুযোগের বিপরীতে কর্মপ্রার্থীর সংখ্যা যে কতটা বেড়েছে, তারই ছবি উঠে এসেছে নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে। ‘রিইমাজিনিং স্কিলিং ফর বিকশিত ভারত’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মাত্র আট মাসে প্রায় ৫৫ হাজার সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই পদগুলির জন্য আবেদন করেছিলেন প্রায় ২ কোটি কর্মপ্রার্থী।

নীতি আয়োগের মতে, সমস্যার অন্যতম মূল কারণ দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের চাহিদার বড় ফারাক।

শুধু বিএ, বিএসসি বা বিকম ডিগ্রি নয়, প্রযুক্তিগত প্রশিক্ষণপ্রাপ্তরাও সাধারণ সরকারি চাকরির জন্য আবেদন করছেন। ফলে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে তৈরি হচ্ছে গভীর অসামঞ্জস্য।

এই পরিস্থিতি বদলাতে শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করার পরামর্শ দিয়েছে নীতি আয়োগ। শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি যোগসূত্র, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং পড়াশোনার পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ভবিষ্যতের শিক্ষায় শুধু ডিগ্রি নয়, দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে নীতি আয়োগ।