পুবের কলম, ওয়েবডেস্ক: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জেরে অন্তত ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলো। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় গিয়ে এই লিখিত অভিযোগ জমা দেন অধিকার রক্ষা কর্মী টি নরসিমা মূর্তি। থানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগপত্রটি গ্রহণ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক এফআইআর রুজু করা হয়নি।
 
ওড়িশার বিজেপি সাংসদ তথা তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দিকে আঙুল তুলে অভিযোগকারী নরসিমা মূর্তি দাবি করেন যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগে আত্মঘাতী হওয়া এই ২১ জন শিক্ষার্থীকে প্ররোচিত ও বাধ্য করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, "প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর হাজার হাজার শিক্ষার্থী চরম মানসিক যন্ত্রণা, দুশ্চিন্তা ও মানসিক বিষণ্ণতায় ভোগে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বিভিন্ন প্রান্তে অন্তত ২১ জন শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেই মৃতদের একটি তালিকাও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।"
 
শিক্ষার্থীদের করুণ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নরসিমা মূর্তি অভিযোগপত্রে আরও লেখেন, "পরীক্ষার্থীরা শাঁখারি করাতের মুখে পড়েছিল, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। একদিকে পরীক্ষা পদ্ধতির অব্যবস্থা আর অন্যদিকে চরম বিষণ্ণতা। একপাশে বিষধর গোখরো সাপ আর অন্যপাশে হিংস্র সিংহ—দুই চরম বিপদের মধ্যে পড়ে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।"