পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানের পর প্রায় ৫৬ ঘণ্টা কেটে গেলেও এখনও ৩২০ জন ভারতীয়ের কোনও খোঁজ মেলেনি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল এই উদ্বেগের কথা জানিয়েছেন। তবে স্বস্তির খবর, মানস সরোবর যাত্রায় গিয়ে আটকে পড়া ৯৬ জন ভারতীয় চিন সীমান্ত পেরিয়ে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন।

 পাশাপাশি, তামিলনাড়ুর বাসিন্দা ২১ জন ভারতীয় শুক্রবার দুপুরে কাঠমান্ডু থেকে দিল্লি ফিরেছেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়-সহ মোট ১২১ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্গতদের সাহায্যে ভারত সরকার শুক্রবার সন্ধ্যায় তৃতীয় বিমানে ১২ থেকে ১৩ টন ত্রাণ সামগ্রী ও একটি মেডিক্যাল দল নেপালে পাঠাচ্ছে। বেলি সেতু মেরামতির জন্য প্রযুক্তিবিদ এবং উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) পাঠানোর প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি। তবে নেপাল সরকারের তরফে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও জবাব আসেনি।

গত বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে এই ভয়াবহ হড়পা বান আসে।

প্রবল স্রোতে ভেসে যায় গ্রামের পর গ্রাম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বিপর্যয়ে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। প্রায় ১৫ হাজার উদ্ধারকারী জোরকদমে কাজ চালাচ্ছেন এবং শুক্রবার পর্যন্ত ৩,৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসনের মূল চিন্তা বাড়াচ্ছে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক মৃতদেহ। মর্গ ও হাসপাতালগুলিতে মৃতদেহ রাখার জায়গা ক্রমশ ফুরিয়ে আসছে। দেহ সংরক্ষণের পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় এই মুহূর্তে চরম সঙ্কটে পড়েছে নেপাল সরকার।