হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩৭ জন পর্যটক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নেপালে আটকে থাকা ৩৯ জনের মধ্যে বসিরহাটের দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁদের কাঠমান্ডু থেকে বিমানে করে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি দল নেপালে পাঠানো হচ্ছে।
নিখোঁজদের মধ্যে ৩২ জন কলকাতার একটি পর্যটন সংস্থার সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

তাঁদের খোঁজে সংস্থাটির চার সদস্যের একটি দল বিভিন্ন হাসপাতাল ও মর্গে তল্লাশি চালালেও এখনও সন্ধান মেলেনি। নেপালে ফের হড়পা বানের সতর্কতা জারি হওয়ায় উদ্ধার ও অনুসন্ধানকাজও বাধার মুখে পড়েছে।
এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে ভারত ইতিমধ্যেই ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। উদ্ধারকাজে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার ক্ষেত্রেও নেপাল সরকার সম্মতি জানিয়েছে।