পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন ফের চালু হতে চলেছে। শুক্রবার যাদবপুরে একটি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই আশ্বাস দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান যে, রাজ্যে খুব শীঘ্রই ছাত্রভোট হবে এবং সর্বত্র গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি জয়লাভ করবে। মুখ্যমন্ত্রীর কথায়, "শিগগিরই ছাত্র সংসদের নির্বাচন হবে।
সব জায়গায় জিতবে এবিভিপি। কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির।"আরও পড়ুন:
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সভা বা জিবি মিটিং ঘিরে বাম ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। এবিভিপির প্রশ্ন ছিল, ছাত্র সংসদ না থাকলে কীভাবে এই মিটিং হতে পারে?
এই ঘটনার পরেই গণতান্ত্রিক উপায়ে ছাত্র নির্বাচন করানোর দাবি আরও জোরালো হয়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে ছাত্র ভোট করানোর আবেদন জানিয়েছিলেন।আরও পড়ুন:
ছাত্র রাজনীতি থেকেই যে আগামী দিনের নেতারা উঠে আসেন, তা একসময়ের ছাত্রনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী ভালোভাবেই বোঝেন। বিগত সরকারের আমলে দীর্ঘদিন ভোট না হওয়ায় পড়ুয়াদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তা কাটতে চলেছে বলে আশাবাদী ছাত্রমহল। এর ফলে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবিভিপি-র প্রভাব বিস্তারের পথও অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।