পুবের কলম, নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সম্পর্কে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক সমালোচনার মধ্যে "কিছুটা সত্যতা রয়েছে" বলে মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা স্যাম পিট্রোদা। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, নিউ ইয়র্ক শহরে কোনো ব্যক্তিনিরপেক্ষ বা ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করার পূর্ণ অধিকার সঙ্ঘের রয়েছে। 

নিউ ইয়র্কে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান এবং সেই প্রসঙ্গে মেয়র মামদানির মন্তব্য নিয়ে এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পিট্রোদা। তিনি জানান, মেয়র মামদানি তাঁর নিজস্ব মতামত ব্যক্ত করেছেন, তবে এটি মূলত একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল।

যে কারোরই নিজস্ব অনুষ্ঠান আয়োজনের অধিকার রয়েছে এবং এতে কোনো আপত্তি থাকতে পারে না। তবে মামদানির মূল বক্তব্যের সাথে তিনি একমত কি না—সেই প্রশ্নে পিট্রোদা ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক ভারতের ভাবমূর্তির পক্ষে সওয়াল করেন, "আমি একটি ধর্মনিরপেক্ষ ভারতে বিশ্বাস করি। এমন এক ভারত, যেখানে ধর্ম, জাতি, ভাষা বা রাজ্যের ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই। সমঅধিকার, সত্য, আস্থা, ভালোবাসা ও সাম্যের ভিত্তির ওপর তৈরি ভারতের আদর্শেই আমি বিশ্বাসী।
"

১৯৪২ সালে ব্রিটিশ শাসনামলে জন্ম নেওয়া পিট্রোদা নিজের শৈশবের কথা স্মরণ করে বলেন, তাঁদের বাড়ির সামনে এক মুসলিম পরিবার, দু'পাশে জৈন ও শিখ পরিবার এবং পেছনে একটি ওড়িয়া আদিবাসী পরিবার বসবাস করত। সবাই কোনো সংঘাত ছাড়াই পরম শান্তিতে একসঙ্গে থাকতেন। সম্প্রতি ভারতে বিভেদ, ঘৃণা ও ভয়ের পরিবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটেই মেয়রের মন্তব্যের সমর্থন করে তিনি বলেন, "আমরা যে ভারতে বড় হয়েছি, তা সবার জন্য উন্মুক্ত একটি ভারত ছিল—মামদানির এই কথার মধ্যে সত্যতা রয়েছে।" গত কয়েক বছরে দেশের মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে বলে অভিযোগ তুলে পিট্রোদা শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে সঙ্ঘের প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন।