পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড নেপাল। একের পর এক গ্রাম ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৫৯-এ। শত শত মানুষ এখনও নিখোঁজ থাকায় এই প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নেপালের এই চরম বিপদের দিনে যেখানে গোটা বিশ্ব সমবেদনা জানাচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল এক চরম অমানবিক দৃশ্য। বন্যার তোড়ে ভেসে যাওয়া মৃতদেহ থেকে কানের দুল ও সোনার চেন খুলে নেওয়ার মতো ঘৃণ্য অপরাধের ঘটনা ঘটেছে।
সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি বিচলিত করার মতো ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও ধিক্কারের ঝড় ওঠে। অমানবিক এই অপরাধে জড়িত থাকার অভিযোগে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। ‘এক্স’-এ নেপাল পুলিশ ভিডিওটি শেয়ার করে নিশ্চিত করেছে যে, মৃতদেহের কান থেকে দুল ও গহনা চুরির অভিযোগে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনার একদিন আগেই আরও একটি আশঙ্কাজনক ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যায়, খরস্রোতা বন্যার জলে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার, রেগুলেটর ও পাইপ ধরার জন্য জীবন বাজি রেখে তীব্র স্রোতে নেমে পড়েছেন একদল মানুষ। ভেসে আসা সিলিন্ডারগুলো টেনে ডাঙ্গায় তুলে নিচ্ছেন তাঁরা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) বৃহস্পতিবার নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপাল থেকে এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন, অন্যদিকে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেবল নেপালেই নয়, তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকাতেও বেশ কিছু ভারতীয় নিখোঁজ রয়েছেন।
তিব্বতে আটকে থাকা প্রায় ২০০ জন ভারতীয় নাগরিক উদ্ধার ও সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, আটকে পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে নেপাল ও চীনের স্থানীয় প্রশাসনের সঙ্গে ভারতের কূটনৈতিক স্তরে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা হচ্ছে।