পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালের হড়পা বানের ভয়াবহ প্রভাব এবার ভারতেও দৃশ্যমান। উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত সংলগ্ন দুই জেলা থেকে মোট সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, গত বুধবার নেপালে ঘটে যাওয়া প্রলয়ংকরী প্রাকৃতিক বিপর্যয়েই এঁরা প্রাণ হারিয়েছেন এবং নদীর প্রবল স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে ভারতে চলে এসেছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নদীতে চারটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কুশীনগর জেলাতেও আরও তিনটি দেহ উদ্ধার হয়।

প্রশাসন সূত্রে খবর, দেহগুলি নেপাল সীমান্ত পেরিয়ে নদীর স্রোতে অন্তত ৭০ কিলোমিটার ভেসে ভারতে প্রবেশ করেছে। মহারাজগঞ্জের জেলাশাসক গৌরব সিংহ সোগরবাল জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে। তবে নেপালের নিখোঁজদের তালিকায় এই সাতজন রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।

গত বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসে। এই বিপর্যয়ে দক্ষিণ চিতোয়ান এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একদম গায়েই উত্তরপ্রদেশের ওই দুই জেলা অবস্থিত।

নেপাল সরকারের তথ্য অনুযায়ী, জল ও কাদামাটির স্রোতে এখনও পর্যন্ত ৫৩৮ জনের মৃত্যু হয়েছে এবং হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তালিকায় বহু ভারতীয়ও রয়েছেন, যাঁদের অনেকেই কৈলাস-মানস সরোবর দর্শনে বা কাজের সূত্রে সেদেশে গিয়েছিলেন।

ভয়াবহ এই বিপর্যয়ের পর ভারত, চিন-সহ একাধিক দেশ নেপালে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও কাঠমান্ডু তাতে রাজি হয়নি। নেপাল সরকার স্পষ্ট জানিয়েছে, তাদের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনই উদ্ধারকাজ চালাবে, কোনও বিদেশি উদ্ধারকারীদের দেশে ঢুকতে দেওয়া হবে না। তবে উদ্ধারকারী দল ফেরালেও অন্যান্য দেশের কাছ থেকে ত্রাণ এবং আর্থিক সাহায্য চেয়েছে নেপাল সরকার।