পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বানের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৫৭৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেড় হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৩২০ জন ভারতীয়ের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা যায়নি। তবে শুক্রবার বিকেল পর্যন্ত অন্তত ৮৫ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নেপালের পর্যটন মন্ত্রক নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
এই প্রলয়ংকরী বিপর্যয়ের মোকাবিলায় নেপালের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। বিদেশি উদ্ধারকারী দল নিতে নেপাল সরকার অস্বীকার করলেও, আর্থিক ও ত্রাণ সাহায্য নিতে তারা সহমত পোষণ করেছে। জানা গিয়েছে, গত ৩৬ ঘণ্টায় নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ কোটি টাকা (১৯১ কোটি নেপালি রুপি) অনুদান হিসেবে জমা পড়েছে। সব মিলিয়ে বর্তমানে ওই তহবিলে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৬ কোটি টাকা।
আরও পড়ুন:
গত বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসায় গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে যায়। বর্তমানে নেপালের নিজস্ব সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীই জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নেপালকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতের তরফ থেকে বায়ুসেনার বিমানে করে ৪৭.৫ টন ত্রাণসামগ্রী সেখানে পাঠানো হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ক্ষেত্রে এই বিপুল পরিমাণ দেশি-বিদেশি আর্থিক সাহায্য অত্যন্ত জরুরি বলে মনে করছে নেপাল প্রশাসন।