পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' বা এসআইআর-এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ‘সংগ্রামী গণমঞ্চ’ নামের একটি সংগঠন। এই বিষয়ে দ্রুত মামলা দায়ের করার জন্য তারা আদালতের কাছে জরুরি ভিত্তিতে অনুমতি প্রার্থনা করেছে।

সংগঠনটির আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করেন। তিনি আদালতকে জানান, আগামী ২ সেপ্টেম্বর এসআইআর-এর প্রতিবাদে একটি বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ৫ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন।

সেই কারণেই মামলাটি দায়ের করার জন্য আদালতের দ্রুত অনুমতি প্রয়োজন।

আদালত আইনজীবীর কাছে জানতে চায়, সমাবেশের দিন যখন আগে থেকেই ২ সেপ্টেম্বর নির্ধারণ করা ছিল, তখন কেন পাঁচ দিন আগে এই আবেদন করা হল না? জবাবে আইনজীবী জানান, এটি সম্পূর্ণ ভিন্ন একটি সংগঠনের কর্মসূচি। এরপর পরিস্থিতি বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য সংগঠনটিকে মামলা দায়ের করার অনুমতি দেন এবং সোমবার এই মামলার শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দ্বিতীয় পর্যায়ের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।