কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পতনের দিন গোনা শুরু হয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি। শুক্রবার কলকাতার মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তীব্র আন্দোলনের চাপে শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তার ইঙ্গিত। তাঁর দাবি, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামলে সরকার পিছু হটতে বাধ্য হবে।
আরও পড়ুন:
কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে বেবি বলেন, বিরোধীদের আপত্তি উপেক্ষা করে সংসদে পাশ হওয়া তিন কৃষি আইন দীর্ঘ আন্দোলনের চাপে প্রত্যাহার করতে হয়েছিল কেন্দ্রকে।
তাঁর দাবি, বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং রামমন্দিরকে কেন্দ্র করেও রাজনীতি হয়েছে। অযোধ্যায় বিজেপির পরাজয় এবং রামমন্দিরের প্রণামী নিয়ে বিতর্কের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ প্রসঙ্গে বেবির অভিযোগ, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চনার অভিযোগ নিয়েও আন্দোলনে নামার কথা জানান তিনি। বিজেপি-আরএসএসকে মোকাবিলায় বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।