বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারও তিনি ফের দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এর আগে একাধিকবার একই ধরনের মন্তব্য করেছেন তিনি। এমনকি হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজেও এ-সংক্রান্ত বক্তব্য প্রকাশ করা হয়েছে।
ট্রাম্পের এই দাবির তীব্র সমালোচনা করেছে ইরান। যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পকে ‘সিজোফ্রেনিয়ায় আক্রান্ত’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি এই মানসিক রোগের অন্যতম লক্ষণ এবং এ ধরনের রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন হয়।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর ইরান এই জলপথে জাহাজ চলাচল সীমিত করে। এরপর থেকে সেখানে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি নিরাপদ রয়েছে। তবে ইরানের অভিযোগ, সেখানে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।