রেল ও স্টেশন চত্বর পরিষ্কার রাখতে এবার আরও কঠোর হল ভারতীয় রেল। স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে ময়লা ফেলা, পানের পিক ফেলা কিংবা যেখানে-সেখানে থুতু ফেলার মতো ঘটনায় এখন থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই ধরনের অপরাধে জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা। সম্প্রতি সরকারি গেজেটের মাধ্যমে নিয়ম সংশোধন করে জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট জায়গা ছাড়া স্টেশন বা ট্রেনে ময়লা ফেলা, স্টেশন চত্বরে রান্না করা, স্নান করা, প্রস্রাব বা মলত্যাগ করা, পশু-পাখিকে খাবার দেওয়া কিংবা গাড়ি, বাসন ও কাপড় ধোয়ার মতো কাজ নিষিদ্ধ।

এই নিয়ম ভাঙলেও ১০০০ টাকা জরিমানা হতে পারে।

এ ছাড়া রেলের সম্পত্তি নষ্ট বা বিকৃত করা, অনুমতি ছাড়া পোস্টার লাগানো, দেওয়াল লিখন বা ছবি আঁকা এবং মার্কার দিয়ে নাম লিখে রেলের সম্পত্তি নষ্ট করার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্টেশন চত্বরে পণ্য বিক্রেতাদেরও ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করলে অভিযুক্তকে আদালতে পেশ করা হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট পরীক্ষকসহ অনুমোদিত আধিকারিকরা জরিমানা আদায় করতে পারবেন।