পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাঝেই বিপর্যস্ত নেপালকে নতুন করে সতর্ক করল চিন। বেজিংয়ের আশঙ্কা, লেন্ডে নদীর অববাহিকার উজানে তৈরি হওয়া নতুন হ্রদটির পাড় যে কোনও মুহূর্তে ফেটে যেতে পারে। চিনের তরফে নেপালের বিদেশমন্ত্রককে জানানো হয়েছে, হ্রদের জলের রং ক্রমশ গাঢ় হচ্ছে, যা থেকে পাড় ভাঙার এই ঝুঁকি তৈরি হয়েছে।

তবে চিন এও জানিয়েছে যে, হ্রদটি ভেঙে গেলেও নদীতে জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হবে না। জলের পরিমাণ তুলনামূলক কম থাকায় নদীর জলস্তর খুব একটা বাড়ার সম্ভাবনা নেই।

তা সত্ত্বেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অববাহিকা সংলগ্ন এলাকার জনবসতিগুলিকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত হিমবাহ ধসের ফলেই এই হ্রদটি তৈরি হয়েছিল এবং এই ধসের কারণেই সম্প্রতি নেপাল ও তিব্বতে প্রলয়ংকরী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

গত বুধবার থেকে শুরু হওয়া হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙনের ফলে নেপালে এক ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখনও পর্যন্ত প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ২০১৫ সালের প্রলয়ংকরী ভূমিকম্পের পর এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আর পড়তে হয়নি নেপালকে।