পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য এশীয় দেশগুলোর সাথে ভারতের কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দু’টি দেশে নিজের এই গুরুত্বপূর্ণ সফর শুরু করেন তিনি। রওনা দেওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, এই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সফর মধ্য এশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
 
জানা গিয়েছে, সফরের প্রথম দফায় উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকত মির্জিওয়েভের আমন্ত্রণে দুই দিনের দ্বিপাক্ষিক সফরে দেশটির রাজধানী তাশখন্দে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। উজবেকিস্তান সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর যাত্রা শুরুর বিবৃতিতে জানান, "সাম্প্রতিক বছরগুলোতে ভারত-উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল সংযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি এবং আমাদের পারস্পরিক ‘বিকশিত ভারত’ ও ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রপতি মির্জিওয়েভের সাথে ফলপ্রসূ আলোচনার জন্য আমি মুখিয়ে আছি।"
 
তাশখন্দে অবস্থানকালে প্রধানমন্ত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ এবং তাশখন্দ স্টেট ইউনিভার্সিট অফ ওরিয়েন্টাল স্টাডিজে অবস্থিত ‘মহাত্মা গান্ধী সেন্টার’ পরিদর্শন করবেন। উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ উজবেকিস্তান সফর। এর আগে ২০১৫ সালে দ্বিপাক্ষিক সফরে এবং ২০১৬ ও ২০২২ সালে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি দেশটি সফর করেছিলেন। তাশখন্দ পর্ব শেষ করে প্রধানমন্ত্রী কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাপারোভের আমন্ত্রণে দেশটির রাজধানী বিশকেকে পৌঁছাবেন। সেখানে তিনি এসসিওর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।