পুবের কলম ওয়েব ডেস্ক: জুম্মার নমাজ পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল ৫ কিশোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর গ্রামে। শুক্রবার রাতে নিখোঁজ কিশোরদের পরিবারের তরফে ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচ কিশোরের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এদের মধ্যে চার জনের বাড়ি শ্রীকৃষ্ণপুরে এবং তারা একই স্কুলে পড়াশোনা করে। অন্য এক কিশোরের আদি বাড়ি কালীগঞ্জে হলেও সে শ্রীকৃষ্ণপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। শুক্রবার দুপুরে তারা একসঙ্গে নমাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

কিন্তু বিকেল গড়িয়ে গেলেও তারা কেউ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন যে, কিশোররা আদৌ মসজিদে নমাজ পড়তেই যায়নি। সব সময় একসঙ্গে ঘুরে বেড়ানো ওই ৫ বন্ধুকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে শুক্রবার রাত ১১টা নাগাদ পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।

ডোমকল থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরদের খোঁজে সব রকম ভাবে তল্লাশি চালানো হচ্ছে। তারা কাজের খোঁজে নিজেরাই কোথাও চলে গিয়েছে, নাকি এর পিছনে অপহরণের কোনও ছক রয়েছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।