পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ হড়পা বানে নেপালের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে তিব্বতেও। নেপালে জল ও কাদামাটির স্রোতে ধ্বংসলীলার বহু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও, তিব্বতের প্রকৃত পরিস্থিতি এখনও অস্পষ্ট। অভিযোগ, চিনা সমাজমাধ্যম থেকে বিপর্যয়ের সমস্ত ছবি, ভিডিয়ো এবং দুর্গতদের সাহায্যের আর্তি সরিয়ে ফেলেছে শি জিনপিংয়ের সরকার।

 স্থানীয়দের বয়ান বা রিপোর্টও মুছে দেওয়া হয়েছে।

পাশাপাশি, বিদেশি সাংবাদিকদেরও তিব্বতের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। চিনের সরকারি সংবাদমাধ্যমগুলি ধ্বংসলীলার খবর এড়িয়ে শুধুমাত্র উদ্ধারকাজ এবং প্রশাসনিক নির্দেশের খবর প্রচার করছে। চিনের সরকারি হিসেব অনুযায়ী, তিব্বতে এখনও পর্যন্ত মাত্র পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ২৬০ জন বিদেশি-সহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, নেপালের ছবিটা সম্পূর্ণ আলাদা।

প্রথম দিন থেকেই সেখানে বিদেশি সংবাদমাধ্যম পৌঁছে গিয়েছে এবং সমাজমাধ্যমেও প্রচুর তথ্য প্রকাশ পেয়েছে। শনিবার নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেদেশে মৃতের সংখ্যা ৬২৬ এবং নিখোঁজ প্রায় তিন হাজার মানুষ। এই নিখোঁজদের মধ্যে কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া বহু ভারতীয়ও রয়েছেন। প্রথমদিকে বিদেশি সাহায্য নিতে অস্বীকার করলেও, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নেপাল সরকার ইতিমধ্যেই ভারত-সহ অন্যান্য দেশের থেকে উদ্ধারকারী দল ও সাহায্য নিতে রাজি হয়েছে।