পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালে বুধবারের প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় ধ্বংসলীলার করুণ চিত্র তুলে ধরে হাহাকার প্রকাশ করলেন সেদেশের বিদেশমন্ত্রী শিশির খনাল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড অন্বেষা সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশের একের পর এক শহর প্রায় মানচিত্র থেকে মুছে গেছে। রসুয়া অঞ্চলের এই ট্র্যাজেডিতে এ পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিদেশমন্ত্রী বলেন, "হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এবং বহু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা এখনও এই বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা পরিমাপের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

"
 
শিশির খনাল জানান, বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের বড় অংশই মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থী। আন্তর্জাতিক পর্যটকদের সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, রসুয়া অঞ্চল দিয়ে মানস সরোবরের রুট হওয়ায় বহু বিদেশি এই পথে যান। প্রায় ৩০০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন এবং নেপাল সরকার তাঁদের সাথে যোগাযোগ স্থাপনের আপ্রাণ চেষ্টা করছে। বর্তমানে সর্বমোট প্রায় ৫০০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে নেপাল সরকার নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে।
নিজের দেশের নাগরিকদের মতোই বিদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দিয়ে দেখছে নেপাল সরকার বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
 
জরুরি ত্রাণ ও উদ্ধারের পাশাপাশি নেপালের অর্থনীতি পুনর্গঠনে বিশ্ববাসীকে পাশে থাকার আবেদন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পর্যটন ব্যবসাকে সচল রেখে সাহায্য করার কথা বলেন তিনি। তিনি উল্লেখ করেন, দেশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্র যেমন—পোখরা এবং মাউন্ট এভারেস্ট অঞ্চল পুরোপুরি নিরাপদ ও বন্যাপ্লাবিত এলাকা থেকে মুক্ত রয়েছে। ফলে পর্যটকদের নেপাল সফর বাতিল না করার আহ্বান জানানো হয়েছে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতির কথা উল্লেখ করে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, নেপাল আবারও ঘুরে দাঁড়াবে।