পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই শনিবার কলকাতার হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এই স্বতঃপ্রণোদিত মামলাটি রুজু করা হয়েছে।

গত শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভার জন্য হাইকোর্ট বেশ কয়েকটি শর্ত আরোপ করেছিল।

আদালত স্পষ্ট জানিয়েছিল যে, জমায়েত কোনোভাবেই দেড় হাজার জনের বেশি হওয়া চলবে না এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি দিক অবশ্যই খোলা রাখতে হবে। অভিযোগ উঠেছে, ওই দিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি ইশারায় গাছের তলায় দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে রাস্তায় নেমে আসেন। এর ফলে গোটা রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে এবং বাস-সহ অন্যান্য গাড়ি চলাচল পুরোপুরি থমকে যায়।

এই ঘটনার পরেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি অভিযোগ করেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বয়ং আদালতের নির্দেশ লঙ্ঘন করেছেন। এরপরই তিনি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ প্রদান করেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের ভিত্তিতেই শনিবার মামলা রুজু করে পুলিশ। অন্যদিকে, এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় জানিয়েছেন যে, বর্তমান সরকার কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। আইন মেনেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন।