পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় তারকা জ্যাভলিথ থ্রো’য়ার নীরজ চোপড়া। তবে এই প্রতিযোগিতায় এবং আসন্ন এশিয়ান গেমসে না নামার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। যার নেপথ্যে ফের চোটের ধাক্কা। প্রসঙ্গত, এশিয়ান গেমসের আসর বসছে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, জাপানে। 
শনিবার সামাজিক মাধ্যমে নীরজ লিখেছেন, ‘দীর্ঘ পরিশ্রমের মনে হচ্ছিল, প্রত্যাশিত ফর্ম ফিরে পেয়েছি।

লুসান ডায়মন্ড লিগে মরশুমের সেরা থ্রো করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারপরেই অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে সিদ্ধান্ত নিয়েছি, মরশুমের বাকি সময়টা ট্র্যাকের বাইরেই কাটাতে হবে। খুবই হতাশ লাগছে। কারণ, ক্রমশই নিজের ছ¨ খুঁজে পাচ্ছিলাম।
তবে চোট আঘাত খেলারই অঙ্গ। সবকিছু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আপাতত আমার লক্ষ্য, আরও শক্তিশালী হয়ে ট্র্যাকে ফিরে আসা। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ 
নীরজের এই বক্তব্যে পবিস্কার যে, তিনি ডায়মন্ড লিগ ও এশিয়ান গেমস অংশ নিচ্ছেন না।
প্রসঙ্গত, গত দু’বার এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ। ডায়মন্ড লিগেও সোনা জিতেছেন। তার চেয়েও বড় চিন্তার বিষয় হল দেশের এক নম্বর জ্যাভলিন থ্রো’য়ারের ধারাবাহিক চোট। কিছুদিন আগেই চোট কাটিয়ে সম্প্রতি ট্র্যাকে ফেরার পরে নীরজ বলেছিলেন, ‘চোট থেকে ফিরে আমি নিজের টেকনিক উন্নত করেছি। অনেক নিশ্চিন্ত লাগছে। এখন আরও ভালো পারফর্ম করছি।’ আর এখন ফের চোটের কারনে ট্র্যাকের বাইরে চলে গেলেন তিনি।