পুবের কলম ওয়েব ডেস্ক: বিনা টিকিটে ও অনিয়মিতভাবে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। জুলাই মাসে গোটা জোনজুড়ে বিশেষ টিকিট পরীক্ষায় ৭৬,৯৮৯ জন যাত্রীকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ মোট ১০ কোটি ৯৫ লক্ষ টাকা আদায় করেছে রেল।
এনএফআর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে ৩১৩টি বিশেষ টিকিট পরীক্ষার অভিযান চালানো হয়। পাশাপাশি ২,৩৪৪টি ট্রেনে তল্লাশি চালান টিকিট পরীক্ষক ও রেলের আধিকারিকরা।
শুধু টিকিট নয়, অতিরিক্ত পণ্য বহনের ক্ষেত্রেও নজরদারি চালানো হয়েছে। লাগেজ-সংক্রান্ত অনিয়মে জুলাই মাসে ১.৩৮ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে এনএফআর। পাশাপাশি জরিমানার আওতার বাইরে থাকা বিভিন্ন খাত থেকে আরও ৬৭.৮৯ লক্ষ টাকা আদায় হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, প্রকৃত যাত্রীদের স্বচ্ছ ও সুষ্ঠু পরিষেবা দেওয়া এবং রেলের রাজস্ব ক্ষতি রুখতেই নিয়মিত আকস্মিক ও বিশেষ টিকিট পরীক্ষা চলছে। বাণিজ্যিক বিভাগ, টিকিট পরীক্ষক এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি জানান। রেলের তরফে যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ এবং নিয়ম মেনে অতিরিক্ত পণ্য পরিবহণের জন্য আগাম বুকিং করার আবেদন জানানো হয়েছে।